ছবির কথা-১

চাচার নাম শহীদ মিয়া। একসময় চাকুরি করতেন, এখন অবসর জীবন।
কাজলায় সেক্টর কমান্ডার আবু তাহেরের কবরে ফাতেহা পাঠ শেষে গ্রামের পথ ধরে হাঁটছিলাম– চাচা পরিচয় জানতে চাইলেন তারপর চা খাওয়ার আহ্বান। এ আহ্বান অগ্রাহ্য করা যায় না, বহু দিন পর অপরিচিত কেউ চা খেতে ডাকলেন।
আলাপের ফাঁকে জানতে চাইলাম,
‘আপনি আবু তাহেরকে চিনতেন?’
উত্তর দিলেন, ‘আমার বাবা আর ওনার বাবা চাচাতো জেঠাতো ভাই। তাহের ভাই আমার চেয়ে দশ বছরের বড়।’
তারপর আপন মনেই বলতে থাকলেন, ‘….কত মানুষ দেখি, দেখেছি, এরকম সৎ মানুষ আর দেখি নাই।’
‘কিরকম?’
‘তিনি ছিলেন চিন্তায় সৎ, জীবন যাপনেও সৎ’!
বুঝলাম, শহীদ চাচা আমাকে চা খাওয়াচ্ছেন তাঁর প্রিয় মানুষের প্রতি সেই ভালোবাসার সৌজন্যে।
এরকম ভালোবাসা বড় বেশি বিরল, বড় বেশি অমূল্য। ঈর্ষা হলো!!
শেয়ার করুন: